গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে আড়াই শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে ওই নারী শ্রমিক নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান।
আজ মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতির পর ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কয়েকজন বহিরাগত তাঁদের বাধা দেন। এ নিয়ে কারখানার ভেতরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কারখানাটির সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর ৭৩৮৮) সামান্য আঘাত পান। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে দিলরুবা নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় যান। সেখানে তিনি পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুজব ছড়ানোর নেপথ্যের কারণ এবং শ্রমিকদের কারখানায় প্রবেশে বহিরাগতদের বাধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Leave a comment