আয়াতুল্লাহ আলী খামেনির( ৮৬ বছর) মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর হলেও, বর্তমানে পাঁচটি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর বিশ্লেষণে পাঁচটি নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। প্রত্যেকেই নিজ নিজ পরিসরে প্রভাবশালী হলেও তাদের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান ভিন্ন।
১. মোজতাবা খামেনি
৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাসিজ বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
তবে ইরানের শিয়া ধর্মভিত্তিক শাসনব্যবস্থায় বংশানুক্রমিক উত্তরাধিকারকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া মোজতাবা উচ্চ পর্যায়ের ‘মারজা’ মর্যাদাপ্রাপ্ত আলেম নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার কোনো আনুষ্ঠানিক পদ নেই—যা তার প্রার্থিতায় বাধা হয়ে দাঁড়াতে পারে।
২. আলীরেজা আরাফি
৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি ইরানের ধর্মীয় মহলে প্রতিষ্ঠিত আলেম হিসেবে পরিচিত। তিনি আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং প্রভাবশালী Gগার্ডিয়ান কাউন্সিলের সদস্য সদস্য।
গার্ডিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং সংসদে পাস হওয়া আইন যাচাই করে। আরাফি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান। তবে সামরিক বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তুলনামূলক কম, যা ক্ষমতার বাস্তব রাজনীতিতে একটি সীমাবদ্ধতা হতে পারে।
৩. মোহাম্মদ মেহদি মিরবাঘেরি
৬০ বছর বয়সী মিরবাঘেরি কট্টরপন্থি ইসলামি আলেম হিসেবে পরিচিত। তিনি ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য এবং রক্ষণশীল ধর্মীয় শিবিরের গুরুত্বপূর্ণ মুখ।
সমালোচনামূলক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচক এবং মতাদর্শগতভাবে কঠোর অবস্থানের জন্য পরিচিত। বর্তমানে তিনি কোম শহরের একটি ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন।
৪. হাসান খোমেনি
৫০ বছর বয়সী হাসান খোমেনি ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি–এর নাতি। তিনি বর্তমানে তার দাদার সমাধিসৌধের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও প্রশাসনিক বা সামরিক কাঠামোয় তার প্রত্যক্ষ ভূমিকা সীমিত। তবে তার পারিবারিক ঐতিহ্য ও জনপরিচিতি তাকে আলোচনায় রেখেছে।
৫. হাশেম হোসেইনি বুশেহরি
ষাটোর্ধ্ব বুশেহরি একজন জ্যেষ্ঠ আলেম এবং আলেম পরিষদের প্রথম উপ-চেয়ারম্যান। উত্তরাধিকার-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়। তবে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত—যা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতা দেশের সামরিক, বিচার ও ধর্মীয় কর্তৃত্বের কেন্দ্র। বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে এমন একজন ব্যক্তিকেই বেছে নেওয়া হতে পারে, যিনি অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা কাঠামোর সমর্থন নিশ্চিত করতে পারবেন।
খামেনির পরবর্তী নেতৃত্ব প্রশ্নে ইরান এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আলোচনায় থাকা পাঁচজনের প্রত্যেকেরই শক্তি ও সীমাবদ্ধতা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ধর্মীয় বৈধতা, রাজনৈতিক বাস্তবতা এবং সামরিক সমর্থনের জটিল সমীকরণের ওপর।
সূত্র : সিএনএন
Leave a comment