খাগড়াছড়িতে সড়কের ওপর টায়ারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দেন স্থানীয় লোকজন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
রোববার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে খাগড়াছড়ির চেঙ্গি সেতুসংলগ্ন খবংপুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আটটার দিকে হঠাৎ সড়কে আগুন দেখতে পান তাঁরা। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তি টায়ারে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। পরে ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, কয়েকজন ব্যক্তি হঠাৎ সড়কে এসে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মীও ঘটনাস্থলে যান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বলেন, সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন জড়িত ব্যক্তিদের ধাওয়া করেন। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছেন।
Leave a comment