গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া মিসরের কয়েকজন নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার ইয়েরাপেত্রা উপকূল থেকে নতুন করে ৪০ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কোস্টগার্ড। এর আগে দুটি নৌযানে করে আরও ১১২ জন সেখানে পৌঁছান। তাঁদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানি ও ৯ জন মিসরের নাগরিক ছিলেন।
উদ্ধার হওয়া অভিবাসীদের সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে ৫০ অভিবাসীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, লিবিয়ার তোব্রুক থেকে গ্রিসে যাওয়ার জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার নেওয়া হয়েছিল।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হিসেবে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপের পথটি ব্যবহার করেন অভিবাসীরা। সাম্প্রতিক সময়ে এই পথে অভিবাসীদের আগমন বেড়েছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।
সূত্র: মিডল ইস্ট মনিটর
Leave a comment