লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪ নম্বর ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে ছয় তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও তিনি সিঁড়ি দিয়ে ওঠেন।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমির উর রশীদ ছিলেন। বৈঠক শেষে তারেক রহমান সিঁড়ি দিয়ে হেঁটেই নিচে নেমে আসেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান।
উপপ্রেস সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সিঁড়ি ব্যবহার করা বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রী সরকারি দপ্তরে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পাশাপাশি দিনের বেলায় জানালা খুলে প্রাকৃতিক আলো ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এর আগেও প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বার্তা দিচ্ছেন।
Leave a comment