স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তাঁর চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এসব গ্রহণ করবে না।’
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের অনুশোচনা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনো দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনো দিনই দেবে না।’
তিনি আরও বলেন, ‘তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শুক্রবার সন্ধ্যায় বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
Leave a comment