ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন নামে এক যুবক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সিফাতকে হেফাজতে নিয়েছে কাঠালিয়া থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জমাদ্দারহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত ইয়াসিন জমাদ্দারহাট বাজারের মোহাম্মদ খোকনের ছেলে। অভিযুক্ত মো. সিফাত একই এলাকার মো. মাহমুদুল ইসলাম অরুণের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ইয়াসিন ও সিফাতের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত ছুরি দিয়ে ইয়াসিনকে আঘাত করলে তিনি আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশ সিফাতকে হেফাজতে নেয়। ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে পুলিশ তদন্ত করছে।
Leave a comment