মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম। এ ছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনের লঙ্ঘন।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার ও পণ্যমান–সংক্রান্ত প্রযোজ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
Leave a comment