মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে এফবিআই লস অ্যাঞ্জেলেসের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে একটি সতর্কতামূলক স্মারকলিপি পাঠায়। সেখানে বলা হয়, ইরান সমুদ্রপথ ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার দিকে আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে।
তবে মার্কিন ও ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, এই সতর্কবার্তায় নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা বা তাৎক্ষণিক হুমকির কথা উল্লেখ করা হয়নি। বরং ইরান-সংক্রান্ত সংঘাতের আগে পাওয়া কিছু গোয়েন্দা সংকেতের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় বলেন, বর্তমানে কোনো আসন্ন হামলার তথ্য তাদের কাছে নেই। তবে সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন সতর্কতা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার অংশ হতে পারে।
সূত্র: বিবিসি।
Leave a comment