ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
আদালত সূত্র জানায়, নেশাগ্রস্ত অবস্থায় পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঈশ্বরগঞ্জের কুমরাশাসন গ্রামের মো. রফিক মিয়ার ছেলে মো. জুনাইদ (২৫), সাকুয়া মাঝেরচর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মো. দুলাল মিয়া (৪০) এবং চরনিখলা গ্রামের মো. আব্দুল সালামের ছেলে মো. রাব্বি (২২)।
জুনাইদকে ৫০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুলাল মিয়াকে ৫০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাব্বিকে ৫০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ‘মাদক ও নেশার বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।’
Leave a comment