ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ । গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা ৩৯ লাখ টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন সেতুটি অতিক্রম করে। এ সময় মোট টোল আদায় হয় ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
এর মধ্যে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ১৯ হাজার ৪৪৫টি, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে, উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ঈদযাত্রায় ভোগান্তির বদলে স্বস্তি পেয়েছেন যাত্রীরা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথও রাখা হয়েছে।
তিনি আরও জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন থাকে।
Leave a comment