সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’
আরও একটি অংশে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা আবেগের জায়গা। আমার ধারণা, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া শুরু করেন, তাহলে প্রথমে সাতক্ষীরা, এরপর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নম্বরে, কারণ সেখানে সব গাজার (মাদক) আড্ডা।’
গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরোনো এই বক্তব্যটি নতুন করে ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের মন্তব্য করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। এরপর ধারণ করা ভিডিওর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
Leave a comment