Home সাম্প্রতিক দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ
সাম্প্রতিক

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

Share
Share

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে মস্কোকে সামরিক সহায়তা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়ে মস্কো বা পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) গত বুধবার জানায়, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো গত অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে মস্কোর সহযোগিতার আগ্রহের কথা জানিয়েছিলেন। তাঁর এ মন্তব্যকে নিজেদের প্রতি অবমাননাকর হিসেবে নিয়েছে পিয়ংইয়ং।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দাবি, রুদেনকোর বক্তব্যের পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই মন্তব্যগুলোকে দুই দেশের মধ্যকার মিত্রতা চুক্তির চেতনার পরিপন্থী বলে অভিহিত করেন। একই সঙ্গে রাশিয়াকে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন তিনি। এ সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে অনুমোদন দেন কিম জং উন।

গোয়েন্দা সংস্থাটির তথ্য অনুযায়ী, সহায়তা স্থগিতের অংশ হিসেবে রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি রাশিয়ায় কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরীয় সেনাসদস্যের সংখ্যা ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার করার অনুরোধও আপাতত বিবেচনায় নিচ্ছে না পিয়ংইয়ং বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাটি।

তবে রুদেনকো প্রকাশ্যে সরাসরি এমন কোনো মন্তব্য করেননি। গত ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত মস্কো। ইউক্রেন পরিস্থিতির সঙ্গে অন্য কোনো দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে এক করে দেখে না দেশটি। দক্ষিণ কোরিয়ার অংশীদারেরা বাস্তব কোনো পদক্ষেপ নিলে রাশিয়া তা স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ১৬ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী ও পলিটব্যুরোর প্রেসিডিয়াম সদস্য চো ইয়ং ওন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগের দিন এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে ওঠে উত্তর কোরিয়া। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরীয় সেনা মোতায়েন করে মস্কো।

রাশিয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য উত্তর কোরিয়ার ওপর নির্ভরশীল। এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হয়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরীয় সেনারা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ১০ লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছে। জনবলের দিক থেকে দেশটির সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীগুলোর একটি।

সূত্র: ইউরো নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

Related Articles

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান...

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

;