বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফওচালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদারীপুরের কালকিনিতেও বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালকিনির মাছবাজার গোলচত্বর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন এতে অংশ নেন।
বিএনপির নেতাকর্মীদের আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে মোল্লাহাটের সংঘর্ষের কারণ, আহত ব্যক্তিদের পরিচয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Leave a comment