খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ সময় এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আতঙ্কে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেননি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারাও ক্ষুব্ধ ও বিব্রত। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় খারাবাদ-বাইনতলা বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে ফিরে আসে। এ সময় কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি বাজারের পাঁচ থেকে ছয়টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন।
অভিযোগ করা হয়, এসব দোকানের ব্যবসায়ীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের প্রতিষ্ঠানে বসে এখনো আওয়ামী লীগের নেতারা শলা-পরামর্শ করেন বলেও অভিযোগ তোলেন তাঁরা।
মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের মালিক মাহমুদ গোলদার বলেন, মিছিল শেষে কয়েকজন এসে দোকানের শাটার নামিয়ে তাঁকে বের হয়ে যেতে বলেন। তিনি বের হতে চাইলে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
মাহমুদ গোলদার বলেন, তাঁর ভাই মিলন গোলদার সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন। তবে রাজনীতির সঙ্গে তাঁর নিজের কোনো সম্পৃক্ততা নেই। জীবনের ভয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। গুরুতর আহত হয়েও পালিয়ে থেকে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।
স্থানীয় পল্লিচিকিৎসক ও ফার্মেসি মালিক ডা. ইমরান বলেন, মিছিল শেষে দোকানে হামলা হতে পারে, এমন আশঙ্কায় তিনি সরে যান। পরে তাঁর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর আগে তাঁর দুটি ঘের দখল করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জীবনের ভয়ে এখন তিনি এলাকা ছাড়া।
ডা. ইমরান প্রশ্ন করেন, তিনি আওয়ামী লীগ করলে গত দুই বছর কীভাবে প্রকাশ্যে ব্যবসা করলেন?
দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সাধারণ সম্পাদক বাপ্পী গোলদার বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন না। তাঁর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি দাবি করেন, বর্তমানে তাঁদের জানমালের নিরাপত্তা নেই। এ বিষয়ে কথা বললে মারধরের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
যোগাযোগ করা হলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম আমার দেশকে বলেন, তিনিও কয়েকটি দোকান বন্ধ করে দেওয়ার কথা শুনেছেন। খোঁজ নিলে জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যাবে। তাঁর দাবি, তাঁরা বিএনপির সাবেক নেতা, বর্তমানে দলের কোনো পদে নেই। তাঁরা সংসদ সদস্যের লোক। এসব ঘটনায় দল বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সেদিনের মিছিলে নেতৃত্ব দেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও পদ ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খানের ভাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খায়রুল ইসলাম খান জনি বলেন, বন্ধ করে দেওয়া দোকানগুলো আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন, মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁকেও একাধিকবার মারধর করা হয়েছে। চিকিৎসার জন্য দেশে-বিদেশে অনেক টাকা খরচ করতে হয়েছে।
জনি আরও বলেন, দোকানগুলোতে এখনো আওয়ামী লীগের লোকজন বসে নিয়মিত সভা করেন এবং নাশকতার পরিকল্পনা করেন। এ কারণে তিনি কয়েকটি দোকান বন্ধ রাখতে বলেছেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দোকানে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। এ বিষয়ে বাইনতলা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
Leave a comment