চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এসব তথ্য ব্যবহার করে তাঁদের অজান্তে রকেট, নগদ ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিপাকে পড়েছেন শতাধিক নারী।
এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, নিজেদের নামে আগে থেকেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকায় ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে পারছেন না তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিন ব্যক্তি উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারীদের জানান, দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। সেখানে চিকিৎসা নিলে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ সুবিধা পেতে একটি নিবন্ধন কার্ড তৈরি করতে হবে বলে জানান তাঁরা।
কার্ড তৈরির কথা বলে নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য নেওয়া হয়। এ ছাড়া মুঠোফোনে আসা বিভিন্ন কোডও সংগ্রহ করা হয়। কারও কারও মুখ, চোখ ও কানের ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে এসব তথ্য ব্যবহার করে তাঁদের নামে রকেট, নগদ ও উপায় অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি তাঁদের।
প্রতারণার শিকার আফিরন খাতুন বলেন, তিন ব্যক্তি বাড়িতে এসে চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসবেন এবং তাঁদের কাছে চিকিৎসা নিতে হলে একটি কার্ড করতে হবে বলে জানান তাঁরা। কার্ড তৈরির জন্য মুঠোফোনে আসা কোড, জাতীয় পরিচয়পত্র, ছবি এবং মুখ, চোখ ও কানের ভিডিও প্রয়োজন বলে এসব তথ্য নেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে তাঁরা তথ্য দিয়ে দেন। এখন ফ্যামিলি কার্ডের জন্য বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আগে থেকেই অ্যাকাউন্ট খোলা রয়েছে বলে জানানো হচ্ছে।
আরেক ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে দোকান থেকে জানানো হয়, তাঁর নামে আগে থেকেই একটি অ্যাকাউন্ট রয়েছে। অথচ তিনি নিজে কোনো অ্যাকাউন্ট খোলেননি। পরে বাড়িতে আসা ওই তিন ব্যক্তির মাধ্যমে তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি।
সেলিনা বেগম আরও বলেন, বিষয়টি নিয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সমস্যার সমাধানের আশ্বাস দেন। তবে এখনো কোনো সমাধান হয়নি। তাঁর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের হাতে থাকা কার্ডে দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের নাম ও যোগাযোগের নম্বর রয়েছে। কার্ডগুলোতে রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবার প্রচারও করা হয়েছে।
কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করা হলে আতিকুর রহমান সুমন বলেন, এ বিষয়ে প্রতিদিন একাধিক অভিযোগ পাচ্ছেন তিনি। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, পরিচিত এক ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে এসব কাজ করেছেন। অভিযোগ নিয়ে যাঁরা তাঁর কাছে আসছেন, তাঁদের ওই ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দিলে সমস্যার সমাধান হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ায় তিনি দর্শনা থানায় যোগাযোগ করেছেন এবং একটি লিখিত অভিযোগ তৈরি করেছেন। আগামীকাল সেটি জমা দেবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a comment