Home জাতীয় চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট
জাতীয়

চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

Share
Share

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ইতোমধ্যে এটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর উপস্থিতি শনাক্ত হওয়ায় এবং জিনগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশন-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০২৬ সালের ২ মে কানাডার অন্টারিওতে প্রথম পিজে.২.১ শনাক্ত হয়। এটি করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জেএন.১ বংশধর। ভ্যারিয়েন্টটির স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্যসংখ্যক জিনগত পরিবর্তন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

কানাডায় শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রেও এর উপস্থিতি পাওয়া যায়। ৩০ জুন নিউইয়র্কে প্রথম শনাক্ত হওয়ার পর ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডাসহ একাধিক অঙ্গরাজ্যে এর অস্তিত্ব পাওয়া যায়।

এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও ভ্যারিয়েন্টটির উপস্থিতি শনাক্ত হয়েছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনে এর সংক্রমণের তথ্য পাওয়া গেছে। স্পেনের কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

ডব্লিউএইচওর মূল্যায়নে হংকংয়ের বর্জ্য পানির নমুনায় পিজে.২.১ শনাক্ত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে। এদিকে চীনের বিভিন্ন অঞ্চল থেকেও ভ্যারিয়েন্টটির উপস্থিতির খবর পাওয়া গেছে।

স্পাইক প্রোটিনের পরিবর্তন নিয়ে উদ্বেগ

গবেষকদের নজর কেড়েছে পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্যসংখ্যক জিনগত পরিবর্তন। করোনাভাইরাসের এই প্রোটিন মানবকোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টটি মানবদেহের এসিই২ রিসেপ্টরের সঙ্গে শক্তভাবে যুক্ত হতে পারে। তবে কোষের সঙ্গে ভাইরাসের শক্তিশালী সংযুক্তি মানেই মানুষের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়ানোর নিশ্চয়তা নয়। ব্যক্তি থেকে ব্যক্তিতে এর সংক্রমণক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর?

পিজে.২.১ আগের সংক্রমণ কিংবা টিকার মাধ্যমে শরীরে তৈরি রোগ প্রতিরোধক্ষমতাকে কতটা এড়িয়ে যেতে পারে, তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ রয়েছে।

ডব্লিউএইচওর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে পরীক্ষিত অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় পিজে.২.১-এর অ্যান্টিবডি এড়িয়ে যাওয়ার অতিরিক্ত সক্ষমতা সীমিত। এ ছাড়া নির্দিষ্ট নতুন ভ্যারিয়েন্টের উপযোগী টিকা নেওয়া ব্যক্তিদের রক্তের নমুনায় তৈরি অ্যান্টিবডি পরীক্ষাগারে পিজে.২.১-কে নিষ্ক্রিয় করতে পেরেছে।

তবে ভ্যারিয়েন্টটির সংক্রমণে রোগের তীব্রতা বা মৃত্যুঝুঁকি বাড়ে কি না, তা নির্ধারণের মতো পর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্য এখনো নেই। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমারের মতে, ভাইরাসের বিপজ্জনক মাত্রা নির্ধারণে শুধু মিউটেশনের সংখ্যা বিবেচনা করা যথেষ্ট নয়। এসব পরিবর্তনের ফলে ভাইরাসের সংক্রমণক্ষমতা কতটা বাড়ছে এবং মানুষের রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

একই বিষয়ে সতর্ক করেছেন নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদ। তাঁর মতে, নতুন ভ্যারিয়েন্টের কারণে রোগের তীব্রতা বেড়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ভাইরাসের গতিপ্রকৃতি ও জিনগত পরিবর্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে নিয়মিত জিনোমিক নজরদারি অব্যাহত রাখা জরুরি।

সব মিলিয়ে, করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো প্রমাণ পাওয়া যায়নি। ডব্লিউএইচওর প্রাথমিক মূল্যায়নে এর বৈশ্বিক জনস্বাস্থ্যঝুঁকি কম বলা হয়েছে। তবে সংক্রমণক্ষমতা, রোগের তীব্রতা এবং টিকার কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও গবেষণা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;