সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাতে পারবেন। তবে সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মতো নাশকতামূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।
এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment