Home জাতীয় বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
জাতীয়

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

Share
Share

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্য অংশীদার। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, দেশভেদে নতুন শুল্কের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। অন্য দেশ ও অঞ্চলগুলোর জন্য ২০ বা ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। ওই তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। প্রতিটি দেশের বাণিজ্যনীতি কীভাবে মার্কিন বাণিজ্যকে প্রভাবিত করছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি।

তবে আগামী বছরের আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এর আগে জনমত যাচাই ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শের কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে শুনানিও অনুষ্ঠিত হবে।

আমদানি করা পণ্যের ওপর আরোপিত করকে শুল্ক বলা হয়। সাধারণত পণ্যের মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসেবে এ কর নির্ধারণ করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সরকারকে এই অর্থ পরিশোধ করে।

নতুন শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের আগে হওয়া শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কিছু পণ্যের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।

ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার বলেন, নতুন শুল্ক আরোপের লক্ষ্য হলো মার্কিন শ্রমিকদের জন্য প্রতিযোগিতার সমান সুযোগ তৈরি করা এবং বিশ্ব অর্থনীতিকে আরও টেকসই পথে এগিয়ে নেওয়া।

তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার কয়েক দশক ধরে উৎপাদন, মজুরি ও শ্রম খাতকে প্রভাবিত করে এমন শিল্পনীতি অনুসরণ করছে। এসব দেশের বাজার বিকৃতকারী নীতির কারণে বাণিজ্যের ভারসাম্য তাদের পক্ষে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, নতুন শুল্কের কারণে পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় বাড়তে পারে। ব্যবসায়ীরা বাড়তি খরচ ক্রেতাদের ওপর চাপালে পণ্যের দাম বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে বৈশ্বিক বাণিজ্য।

ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে একাধিকবার বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে তা কার্যকরও করেছেন। তাঁর দাবি, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের পরও তিনি তাঁর বাণিজ্যনীতি এগিয়ে নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোও ট্রাম্পের এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। বাণিজ্য ঘাটতি বলতে অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের মোট মূল্য এবং বিদেশে রপ্তানি করা পণ্যের মোট মূল্যের পার্থক্যকে বোঝায়।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতির প্রভাষক চ্যাং পাও-লি বলেন, ২০২৫ সালের এপ্রিলে ঘোষিত ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কের তুলনায় নতুন শুল্কের আইনি ভিত্তি বেশি শক্তিশালী। আগের শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প জরুরি নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছিলেন, যা পরে আদালতে বাতিল হয়। এবার ইউএসটিআরের আইনি ক্ষমতা ব্যবহার করে বিদেশি বাণিজ্যচর্চার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে নতুন শুল্কও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করেন চ্যাং পাও-লি। তাঁর মতে, অতীতে এ ধরনের শুল্ক কার্যকর থাকার নজির রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় আরোপ করা অনেক শুল্ক পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও বহাল ছিল। এ আইনে বিদেশি বাণিজ্যচর্চা তদন্ত করে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে ক্যাপিটাল ইকোনমিকসের উত্তর আমেরিকা বিভাগের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বলেন, নতুন শুল্ক ঘোষণাকে আপাতদৃষ্টিতে যতটা উদ্বেগজনক মনে হচ্ছে, বাস্তবে প্রভাব ততটা নাও হতে পারে। তাঁর মতে, নতুন শুল্ক মূলত গ্রীষ্মে ঘোষিত আগের কিছু শুল্কের জায়গা নেবে। ফলে কার্যকর শুল্কের হার পূর্বাভাসের তুলনায় সামান্য বাড়তে পারে। তবে পণ্যের দামে কিছুটা প্রভাব পড়বে। নতুন শুল্কের আওতায় সীমিতসংখ্যক পণ্য থাকায় সামগ্রিক ব্যয়ের চাপও তুলনামূলক কম হতে পারে।

নতুন শুল্কের প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে কয়েকটি দেশ ও অঞ্চল। ব্রাজিলের বাণিজ্যচর্চা নিয়ে পৃথক তদন্তের অংশ হিসেবে দেশটির পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে—এমন ‘ক্ষতিকর বাণিজ্যচর্চার’ অভিযোগে এ তদন্ত করা হচ্ছে।

ব্রাজিল সরকার এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির অভিযোগ, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ব্রাজিলের নীতিমালা পরিবর্তনে চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ব্রাজিলের তৈরি উড়োজাহাজ ও চিনির ওপরও শুল্কের প্রভাব পড়বে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কার্যালয় থেকে বলা হয়েছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’

ইউরোপীয় কমিশনও নতুন মার্কিন শুল্কের বিরোধিতা করেছে। কমিশন জানিয়েছে, শুল্ক আরোপের কারণ খতিয়ে দেখা হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে হওয়া চুক্তি অনুযায়ী শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশে সীমাবদ্ধ থাকার কথা।

ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী বুই থান সন বলেছেন, নতুন শুল্কের প্রস্তাবিত হার যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সাবেক মার্কিন বাণিজ্য আলোচক ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ওয়েন্ডি কাটলার বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা নতুন শুল্কের আশঙ্কা করছিলেন। তাঁদের অভিযোগ, অতিরিক্ত উৎপাদনের জন্য অন্যায়ভাবে তাঁদের দায়ী করা হচ্ছে। অনেকের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নতুন শুল্ককে ‘রাজনৈতিক কারসাজি’ বলে অভিহিত করেছেন। চীন প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিও মিথ্যা বলে মন্তব্য করেছেন তিনি।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতা চলার মধ্যেই নতুন শুল্কের প্রস্তাব এসেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের লড়াই আপাতত স্থগিত রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হলেও বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। আগামী ১০ জানুয়ারি ওই বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।

চীন এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ওয়েন্ডি কাটলারের মতে, নতুন শুল্কের হার ২০ শতাংশের বেশি না হলে আপাতত বেইজিং তা মেনে নিতে প্রস্তুত থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;