বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও বাণিজ্যে কথিত অসামঞ্জস্যের অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন বাণিজ্য পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এ প্রস্তাব ঘোষণা করে।
ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের ক্ষেত্রে বিদ্যমান কিছু শুল্ক ও বাণিজ্য চুক্তি বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্য শুল্কের আওতার বাইরে রাখার সুযোগও রয়েছে।
তবে শুল্ক আরোপের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণ এবং গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ
বাংলাদেশের শিল্প ও বাণিজ্যনীতি মূল্যায়ন করে পাঁচটি ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে ইউএসটিআর।
এসবের মধ্যে রয়েছে উৎপাদন ও শিল্প সম্প্রসারণে সরকারি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনা, শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় ঘাটতি, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি এবং বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়া।
বিশেষ করে বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতির দেশগুলো থেকে কাঁচামাল আমদানি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্প উৎপাদন সম্প্রসারণের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
ইউএসটিআরের দাবি, এসব নীতির কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে উৎপাদন ও রপ্তানি প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে।
সংস্থাটির আরও দাবি, বাংলাদেশের এসব চর্চার ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অন্য দেশের উৎপাদিত উপকরণের ওপর নির্ভরতা বাড়ায় মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে।
অন্যান্য দেশের জন্য প্রস্তাবিত শুল্ক
বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ওপরও ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ভারতের পণ্যে ২৫ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
তবে ভারতের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত উদ্বেগগুলো সমাধান করা গেলে দেশটির জন্য শুল্কহার ১৭ শতাংশে নামিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
একইভাবে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কহার ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার সুযোগ রয়েছে।
চীনের পণ্যের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু ছাড়সহ ২০ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সন্তোষজনক না হলে দেশটির জন্য আরও বেশি শুল্ক আরোপের বিকল্প বিবেচনার কথা জানিয়েছে ইউএসটিআর।
বাংলাদেশের শুল্কহার ২০ শতাংশও হতে পারে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের বিস্তারিত নোটিশ অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা ও বাণিজ্যসংক্রান্ত প্রতিশ্রুতিগুলো সন্তোষজনক না হলে বিকল্প হিসেবে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
এ বিষয়ে আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর ২৫ জানুয়ারি থেকে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুনানি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনার পর প্রস্তাবিত শুল্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ কারণে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর ১৮ শতাংশ নতুন শুল্ক ইতিমধ্যে কার্যকর হয়েছে—এমনটি বলা যাচ্ছে না।
Leave a comment