এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও উন্মুক্ত স্থানে তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে এসব আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আজহারী।
পোস্টে তিনি লেখেন, ‘আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’
মাহফিলগুলোতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি উপস্থিত সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
আজহারী বলেন, এসব আয়োজনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সুশৃঙ্খল উপস্থিতি এবং ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন মাহফিলের উদ্দেশ্যকে ব্যাহত না করে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, তাফসির মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা বড় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। কুরআন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তিগত জীবন, চরিত্র ও কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়াই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কুরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’
পোস্টের শেষাংশে অনুসারীদের উদ্দেশে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’
তবে আট বিভাগের কোন কোন স্থানে এবং কবে এসব মাহফিল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত সময়সূচি জানানো হয়নি।
Leave a comment