বিয়ের আগে কোনো সম্পর্ক ঠিক মনে না হলে তা থেকে সরে আসাকে ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। তাঁর মতে, ভুল সম্পর্কের মধ্যে থাকার চেয়ে সময়মতো নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াই ভালো। সম্প্রতি অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে সারার বিয়ের গুঞ্জনের মধ্যে সম্পর্ক ও বিয়ে নিয়ে তাঁর পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সারা ও রাজবীরের বিয়ে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ওই সূত্র জানায়, সারা ও রাজবীরের মধ্যে কখনো দেখাই হয়নি। সারা বর্তমানে অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁদের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন ওই ব্যক্তি।
বিয়ের গুঞ্জনের মধ্যেই সম্পর্ক ও জীবনসঙ্গী নির্বাচন নিয়ে সারার আগের একটি সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে সামনে এসেছে।
ওই সাক্ষাৎকারে তিনি জেন-জি প্রজন্মের সম্পর্ক, বিয়ের প্রতি দায়বদ্ধতা এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে কথা বলেন।
সারা জানান, তাঁর প্রজন্ম সম্পর্কের প্রতি গুরুত্ব দিলেও কোনো সম্পর্ক ঠিক পথে এগোচ্ছে না বুঝতে পারলে তা থেকে সরে আসতে দ্বিধা করে না।
তিনি বলেন, অনেকেই বাগদানের পর বিয়ের প্রস্তুতির সময় সঙ্গী বা তাঁর পরিবারের এমন কিছু দিক সম্পর্কে জানতে পারেন, যা আগে বুঝতে পারেননি। তখন সম্পর্কটি এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে হতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে বিয়ের আগেই সম্পর্ক থেকে সরে আসাকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন সারা।
তাঁর মতে, আগের প্রজন্মের অনেকে নিজেদের সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে ভয় পেতেন। তবে জেন-জি প্রজন্ম কোনো সম্পর্কের সমস্যা বুঝতে পারলে নিজের অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী।
বিয়ের আয়োজন নিয়ে বদলেছে ভাবনা
নিজের বিয়ের আয়োজন কেমন হবে, তা নিয়েও আগের সাক্ষাৎকারে কথা বলেছেন সারা টেন্ডুলকার।
তিনি জানান, ছোটবেলা থেকে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের স্বপ্ন দেখতেন। বিয়ের পোশাকের ক্ষেত্রে প্যাস্টেল রংও ছিল তাঁর প্রথম পছন্দ।
তবে সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন তিনি অপেক্ষাকৃত ছোট পরিসরের বিয়ের আয়োজন পছন্দ করেন। পাশাপাশি ঐতিহ্যবাহী লাল রঙের বিয়ের পোশাক পরার কথাও ভাবছেন।
নিজের সিদ্ধান্তহীনতা নিয়ে রসিকতা করে সারা বলেন, তিনি তুলা রাশির জাতক হওয়ায় অনেক বিষয়ে দ্বিধায় থাকেন। শেষ পর্যন্ত হয়তো সবুজ রঙের পোশাকও বেছে নিতে পারেন।
ভাই অর্জুন টেন্ডুলকারের বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সারা জানান, ওই আয়োজনের মাধ্যমে নিজের বিয়েতে কী চান এবং কী চান না, সে সম্পর্কে তাঁর ধারণা আরও স্পষ্ট হয়েছে।
বন্ধুরাও হতে পারেন ‘সোলমেট’
জীবনসঙ্গী ও ‘সোলমেট’ বা আত্মার সঙ্গী ধারণা নিয়েও নিজের মতামত জানিয়েছেন সারা।
তাঁর মতে, সোলমেট বলতে শুধু প্রেমের সম্পর্কের মানুষকেই বোঝায় না। দীর্ঘদিনের বন্ধুত্বের মধ্যেও গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে।
সারা জানান, শৈশব থেকে যেসব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, তাঁদেরই নিজের প্রকৃত সোলমেট মনে করেন তিনি।
তিনি বলেন, রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করতে ভালো লাগে। তবে তাঁর সবচেয়ে কাছের বন্ধুরাই তাঁর কাছে প্রকৃত সোলমেট।
এদিকে রাজবীর দেওলের সঙ্গে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে সারা নিজে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাতেই খবরটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
Leave a comment