ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের একাংশ বাংলাদেশে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। সাম্প্রতিক এসব কর্মকাণ্ডকে ‘সীমিত পরিসরে বিদ্রোহী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রোববার (২২ নভেম্বর) হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের সদস্য। অন্যজন একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিহত বাসের সহকারী।
প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে গণপরিবহন, থানা, একটি হাসপাতাল এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সহিংসতার অন্যতম কেন্দ্র ছিল শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে যান চলাচলে বাধা দেন, সরকারি সম্পত্তিতে হামলা চালান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক প্রায় ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল। শুক্রবার (২০ নভেম্বর) সকালে অবরোধ তুলে নেওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ছাড়া বিক্ষোভ চলাকালে কয়েকজনকে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনাও তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটও উল্লেখ করা হয়েছে। সে সময় আন্দোলন দমনে ব্যাপক প্রাণহানির পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই ও আগস্টে আন্দোলন দমনের সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
পরে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যও তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা পাচ্ছেন।
ভারতে অবস্থানরত ব্যক্তিদের ইন্ধনে দেশে সহিংসতা ছড়ানো হচ্ছে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি বছরের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের ভূমিকারও সমালোচনা করেছেন।
Leave a comment