ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সোহেল তাজ। তিনি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান—আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’
সোহেল তাজ আরও লেখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন করেছেন। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, লুটপাট এবং গণহত্যার মাধ্যমে দেশটাকে ধ্বংস করেছেন।’
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করছেন। দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করে ফিরে এসে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছেন বলেও দাবি করেন তিনি।
সোহেল তাজের ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তাঁর মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না। সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—এমন মন্তব্য করে সোহেল তাজ দাবি করেন, শেখ হাসিনা নিজের দলের মানুষের মৃত্যুকে ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি ও সরকার পতনের পরিকল্পনা করছেন।
স্ট্যাটাসের শেষাংশে সোহেল তাজ শেখ হাসিনার আচরণকে ‘সাইকোপ্যাথ’-এর চরিত্র হিসেবে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, নিজে গণহত্যা চালিয়ে এখন ভুক্তভোগী সাজার চেষ্টা করছেন শেখ হাসিনা।
Leave a comment