২০২৬ কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ডিয়েগো প্লাসেন্তের দল। এই হারে গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে (রাউন্ড অব ৩২) ওঠার পথ কঠিন হয়ে গেছে দলটির। পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি গ্রুপের অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে তুলনামূলক ভালো খেললেও একের পর এক গোলের সুযোগ নষ্ট করে তারা। অন্যদিকে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার আকোল আকনের নেওয়া একটি শট আর্জেন্টাইন ডিফেন্ডার আলভারো গুইচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এরপর আকোল আকন নিজেই আরও একটি গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আর্জেন্টিনার বেনহামিন ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ মোজাম্বিক ও ডেনমার্ক। পরের পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই দুই ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে দলটিকে। দুটি ম্যাচ জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৬। তবে সে ক্ষেত্রেও গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশেষ করে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করবে গ্রুপের পয়েন্টের হিসাব। তিন দলের পয়েন্ট সমান ৬ হয়ে গেলে গোল ব্যবধানসহ টুর্নামেন্টের নির্ধারিত টাইব্রেকার বিবেচনায় আসবে।
অন্যদিকে একটি জয় ও একটি ড্র পেলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে কিংবা সেরা তৃতীয় দলগুলোর মধ্যে জায়গা করে নিয়ে পরের পর্বে ওঠার সুযোগ থাকবে। তবে ৪ পয়েন্ট পেলেই পরের পর্ব নিশ্চিত হবে, এমন নয়।
ঘুরে দাঁড়ানোর প্রথম সুযোগ আগামী রোববার। সেদিন মোজাম্বিকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে দলটি।
Leave a comment