গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে তাঁর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা হয়। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা মোসলেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, মিছিল ও বিক্ষোভ করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববারও জেলার বিভিন্ন স্থানে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করা হয়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ঘিরে ভাঙচুর চালিয়ে তাতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় গত শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
ওই মামলার দুই দিন পর রোববার হামলার শিকার হন এসআই মোসলেম আলী। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment