রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় বালুভর্তি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে পড়েছে। এ ঘটনায় আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুর নাম মোছা. সিনথিয়া। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম পিন্টু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খাসবাগ এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বাড়ির ভেতরে ঢুকে উল্টে যায়। এ সময় বাড়িতে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিনথিয়ার মৃত্যু হয়। তাঁর মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ডাম্প ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
Leave a comment