গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। তিনি নিজেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এ টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাঁরা বাইরে কাজে ছিলেন। দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে দেখেন, একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment