প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রঞ্জিত সরকার। ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
সভাস্থলে টাঙানো ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’। এতে অতিথি হিসেবে রঞ্জিত সরকারের নাম উল্লেখ করা হয়।
ভিডিওতে দেওয়া বক্তব্যে রঞ্জিত সরকার আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগও করেন।
তবে সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের দাবি, সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, সভাটি সিলেট সীমান্তের কোনো স্থানে আয়োজন করা হয়েছে।
অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, সভাটি সিলেট সীমান্তে হয়নি; সুনামগঞ্জ সীমান্ত এলাকার কোনো স্থানে হয়েছে। তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, তাদের অনুসন্ধানে ওই সীমান্তে এ ধরনের সভার তথ্য পাওয়া যায়নি।
এদিকে সভায় অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সভায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করলেও স্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি।
উল্লেখ্য, রঞ্জিত সরকার সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
Leave a comment