দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানিসংকট দেখা দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। গত আট মাসে এ খাতে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
বর্তমান সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই এ খাত থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার।
এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে। পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী।
Leave a comment