রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। হামলায় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করে।
হামলার ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি সাংবাদিকদের একটি অংশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রদলের বিবৃতিতে জানানো হয়।
Leave a comment