স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সামা টিভি এক প্রতিবেদনে এই বিচিত্র পারিবারিক টানাপোড়েনের কথা প্রকাশ করেছে।
শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন। তিনি জানান, ওই নারী আদালতের পরামর্শ সেবা কেন্দ্রে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানান যে, তার স্বামী বেশিরভাগ সময় ঘরে অবস্থান করতে পছন্দ করেন। স্ত্রীকে নিয়ে বাইরে ঘোরাঘুরি বা ভ্রমণে বের হওয়ার ব্যাপারে স্বামীর কোনো আগ্রহ নেই।
তবে একই সঙ্গে ওই নারী তার স্বামীর ব্যক্তিত্বের প্রশংসাও করেছেন। স্বামীকে অত্যন্ত উদার, ধৈর্যশীল ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করলেও, বাইরে ঘুরতে না নিয়ে যাওয়ার এই অনাগ্রহকে তিনি দাম্পত্য জীবনের বড় সমস্যা হিসেবে দেখছেন। এমন পরিস্থিতিতে আদালতের পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে যে, তিনি যেন তার ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইরে ভ্রমণের প্রয়োজন মেটান এবং কেবল এই একটি কারণে সংসার ভাঙার মতো চরম সিদ্ধান্ত থেকে বিরত থাকেন।
ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে প্রতিটি ছোটখাটো মতবিরোধের শেষ পরিণতি বিচ্ছেদ হতে পারে না। কর্মকর্তা ও পারিবারিক বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতাই মূল চাবিকাঠি। পরিবারে বড় কোনো মৌলিক সংকট বা নির্যাতন না থাকলে সামান্য বিষয়ে বিরোধ তৈরি করে সংসারের শান্তি নষ্ট না করার পরামর্শ দেন তারা।
Leave a comment