লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ঘরে ফেরেনি।
মঙ্গলবার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলো—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজী নগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সায়েম স্থানীয় রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা আর নিজ নিজ ঘরে ফিরে আসেনি। পরবর্তীতে সম্ভাব্য সব জায়গা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে সন্তানদের দ্রুত সন্ধান পেতে পরিবার ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।
নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন এবং মিনহাজের বাবা এমরান হোসেন জানান, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ছেলেদের সন্ধান না পেয়ে তারা সোমবার রাতে রায়পুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন। সহৃদয় কোনো ব্যক্তি তাদের সন্তানদের সন্ধান পেলে নিকটস্থ পুলিশ অথবা পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তারা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় থানায় দুটি পৃথক জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারে প্রযুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মাধ্যমের সহায়তায় তদন্ত কাজ জোরদার করা হয়েছে।
Leave a comment