মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার মোংলা বন্দর কর্তৃপক্ষের এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এ সভায় বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, পর্যাপ্ত গভীর পানির সুবিধা, আধুনিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা এবং অভ্যন্তরীণ যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
এর অংশ হিসেবে একটি আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা বন্দরকে কেন্দ্র করে প্রায় ১০০ একর জমিতে শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের মতে, বন্দরসংলগ্ন এলাকায় শিল্প-কারখানা গড়ে উঠলে পণ্য পরিবহনের দূরত্ব ও সময় কমানো সম্ভব হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে লজিস্টিক সুবিধা বাড়বে।
মতবিনিময় সভায় বন্দরের চলমান প্রকল্পের অগ্রগতি, অপারেশনাল সক্ষমতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এ সময় সাংবাদিকেরা বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত দেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দরের অবকাঠামো ও পরিচালন সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।
Leave a comment