রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, পাশের বাড়ি থেকে বাসায় ফেরার পথে ইমারত আলী তাঁর মেয়েকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ইমারত আলী ও শিশুটিকে একসঙ্গে বাঁশঝাড় থেকে বের হতে দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। বিষয়টি শিশুটির মাকে জানানো হলে মায়ের কাছে শিশুটি কান্নাজড়িত অবস্থায় ঘটনার কথা জানায় বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরে স্থানীয়রা ইমারত আলীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াও চলছে।
Leave a comment