প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খানের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিবির সভাপতি।
রাশেদ খানের ওই দিনের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তার কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তার পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না। তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভকেও নেগেটিভভাবে উপস্থাপন করা।’
বিরোধী দলগুলোর লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মসূচি শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে নয়। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগের অবসান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির দাবি রয়েছে।
দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনার বিষয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। বিরোধী দল নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিবাদের উদ্দেশ্য কী সেটা নিয়ে মূলত আলোচনা হওয়া দরকার এবং সরকার মহলে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি ফেরানোর জন্য জ্বালানি তেল, হাবিজাবি এসব কথা বলা হচ্ছে।’
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বিরোধী দল বা ১১ দলীয় ঐক্য যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।’
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন তিনি। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বক্তব্যের পক্ষে দেওয়া উদাহরণগুলোকে তিনি নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে উপস্থাপন করেন।
সবশেষে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment