ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার।
গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালানাডু জেলার নারসারাওপেটের মাতাশ্রী প্রাইভেট হাসপাতালে ওই নারীকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারী বুকে ব্যথা ও তীব্র অস্বস্তিতে ভুগছিলেন বলে জানা গেছে।
হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে অস্বাভাবিক কিছু বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে চিকিৎসক পি. রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জারি দল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
চিকিৎসকেরা জানান, ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারের পর পাকস্থলী থেকে একে একে সবগুলো বস্তু বের করে আনা হয়। উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ঢাকনাও পাওয়া যায়নি, যা শরীরের ভেতরে আঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলে চিকিৎসকেরা জানান।
চিকিৎসক রামচন্দ্র রেড্ডি বলেন, কীভাবে ওই নারী এতগুলো বস্তু গিলে ফেলেছেন, তা এখনো স্পষ্ট নয়।
ওই নারীর বাবা জানান, তার মেয়ে প্রায় ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। দুই মাস আগে তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান বলেও জানান তিনি।
অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্র: জিও নিউজ
Leave a comment