নাজমুল হাসান, মাদারীপুর:
মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আইভীকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা আইভী হত্যার ঘটনাকে ন্যক্কারজনক ও মর্মান্তিক উল্লেখ করে বলেন, ‘আইভীর মতো একজন মেধাবী ও অমায়িক শিক্ষার্থীর এমন নির্মম পরিণতি আমরা মেনে নিতে পারছি না। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে।’
এ সময় আন্দোলনকারীরা জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে কালাম শরীফের বসতঘর থেকে আইভীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রের দাবি, আইভীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত আইফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আইভীর বাবা আসলাম শরীফ বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্তের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।
Leave a comment