ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কারাকক্ষে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষায় ডজনখানেক পর্নো ভিডিও এবং একাধিক ওয়েব সিরিজ পাওয়া গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে আকস্মিক অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল। উচ্চনিরাপত্তার ব্যারাকে বন্দি থাকা প্রজ্বলকে তার সেলের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চার্জার, পেনড্রাইভ ও নোটবুক জব্দ করা হয়।
পরবর্তীতে মোবাইল ফোন ও পেনড্রাইভটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে মোবাইল ফোনে ডজনখানেক পর্নোগ্রাফিক ভিডিও এবং পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজ থাকার তথ্য উঠে এসেছে।
কারাগারের ভেতরে ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী, বন্দীদের যোগাযোগের জন্য নজরদারির আওতায় থাকা প্রাতিষ্ঠানিক ল্যান্ডলাইন, পাবলিক কল অফিস (পিসিও) অথবা নির্ধারিত ভিডিও কলের ব্যবস্থা ব্যবহারের কথা।
প্রজ্বল রেভান্নার সেল থেকে মোবাইলসহ এসব সামগ্রী উদ্ধারের ঘটনায় কারাগারে ‘ভিআইপি’ বন্দীদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা প্রজ্বল রেভান্না বর্তমানে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
গত বছর ৪৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং সেই নির্যাতনের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন রেভান্না। ওই নারী হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের ফার্মহাউসে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে প্রজ্বল তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং সেসব ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন ওই নারী। পরে মামলার বিচার শেষে প্রজ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
Leave a comment