ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ শেষে নিজের বোলিংয়ের সাফল্যের কারণ জানিয়েছেন এই অলরাউন্ডার।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচে ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম উইকেট পান মিরাজ। এরপর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন মিরাজ।
উইকেটটি স্পিনারদের জন্য কিছুটা সহায়ক ছিল বলে জানিয়েছেন মিরাজ। তাঁর মতে, সঠিক জায়গায় বল করাই ছিল সাফল্যের মূল চাবিকাঠি।
প্রথম ইনিংস শেষে মিরাজ বলেন, ‘আমার মনে হয়, এটি আমাদের জন্য দারুণ একটি শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচ দেখে মনে হচ্ছে, এখানে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটি দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে। আমি ঠিক এভাবেই ভেবেছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করেছি।’
উইকেটের ধরন বুঝে বলের গতি ঠিক রাখার চেষ্টা করেছেন মিরাজ। তিনি বলেন, ‘আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর। আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি।’
গায়ানার দর্শকদেরও প্রশংসা করেছেন মিরাজ। তিনি বলেন, ‘দর্শকেরা দারুণ। তারা এসে ওয়ারিয়র্স দলকে সমর্থন দিচ্ছে, যা সত্যিই উপভোগ্য। আশা করি, তারাও খেলাটি খুব উপভোগ করেছে।’
মিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন দলের অধিনায়ক ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনারের সঙ্গে খেলাকে নিজের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন মিরাজ।
তিনি বলেন, ‘৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি পাঁচটি উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। তাঁর সঙ্গে এবারই প্রথম খেলছি। এটি আমার জন্য দারুণ একটি সুযোগ এবং বিশেষ মুহূর্ত। আমি সত্যিই খুব আনন্দিত।’
Leave a comment