লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।
মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকে নিকোলাস ওতামেন্দিও বিদায় নেওয়ায় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে আর্জেন্টিনাকে। ২৮ বছর বয়সী রোমেরোর ওপরই আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য নতুন নয়। বিশ্বকাপের আগেই তাঁকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল। প্রথম দুই অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বভার পেলেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার।
আর্জেন্টিনার হয়ে রোমেরোর অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন রোমেরো।
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার নেতৃত্বে রোমেরোর সামনে এখন নতুন চ্যালেঞ্জ।
Leave a comment