ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস ছাড়বেন না।
বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’
সোমবার রাতে ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। পরে মঙ্গলবার তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে ভেনিসে অবস্থান করছেন বাঁধন। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।’
ঘটনার পর ভেনিসের পুলিশ তাঁকে সহযোগিতা করেছে জানিয়ে বাঁধন বলেন, ‘আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তাঁর অফিস থেকে লোক আসছেন। তাঁদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’
বাঁধন আরও বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’
তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি।’
মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানান, অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Leave a comment