রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জাকির হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আলাল হোসেন রাজু নামের আরেক বাংলাদেশি শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় অন্তত সাতজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
হতাহত বাংলাদেশিদের সহায়তায় জরুরি হটলাইন চালু করেছে রাশিয়ায় বাংলাদেশের দূতাবাস।
মস্কোয় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ আগস্ট) চীনা প্রতিষ্ঠান সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ পরিচালিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের একটি পাইপলাইনে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকর্মীরা জাকির হোসেনের মরদেহ উদ্ধার করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
নিখোঁজ মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ রাজু তাঁদের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দূতাবাস সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনায় আহত অন্তত সাতজন বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য আমুর অঞ্চল থেকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাংলাদেশি শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত জাকির হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি দূতাবাস থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিকদের তথ্য, বকেয়া ভাতা ও জরুরি সহায়তার বিষয়ে যোগাযোগের জন্য মস্কোয় বাংলাদেশ দূতাবাস ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু করেছে।
হটলাইন নম্বর দুটি হলো—+৭৯১৬২৩২৩০১৫ (কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি) এবং +৭৯৮৯১১৩৯১৬৯ (ফার্স্ট সেক্রেটারি, শ্রম কল্যাণ উইং)।
Leave a comment