দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোথাও কোথাও বিতরণ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারের মজুত ও আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকেরা যাতে কোনো ভোগান্তিতে না পড়েন, সে জন্য ইতিমধ্যে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।
বর্তমানে দেশে ইউরিয়া ৪ লাখ ৮২ হাজার টন, টিএসপি ৩ লাখ ৬৯ হাজার টন, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার টন এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টনসহ মোট ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি আরও সার আন্তর্জাতিক বাজার থেকে আমদানির অপেক্ষায় ও অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
বিতরণ ব্যবস্থার অসংগতি ও কোথাও কোথাও সাময়িক সংকটের বিষয়ে তিনি বলেন, কৃষক ও জনগণের স্বার্থে বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। কিছু ডিলার সময়মতো বরাদ্দ করা সার না তোলায় সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বিশ্বের প্রায় ২৫ শতাংশ সার হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও এল নিনোর মতো প্রাকৃতিক অনিশ্চয়তার ঝুঁকি বিবেচনায় নিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগেভাগেই সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
ব্রিফিংয়ে অন্যান্য খাতের অগ্রগতির তথ্যও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে ৪৬৪টি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে ১৫৭টি অসত্য ও অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্যানেল আইনজীবী চূড়ান্ত করা হচ্ছে। দ্রুতই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া পিআইবির ‘বাংলা ফ্যাক্ট’ প্রকল্পকে ‘নিউ মিডিয়া প্রজেক্ট’-এর আওতায় আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট ১২ থেকে ১৪ ডলার থেকে বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে বলে জানান জাহেদ উর রহমান। এফএসআরইউ দুর্ঘটনার কারণে সাময়িক বিদ্যুৎ ও গ্যাস সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সহনীয় করতে দেশীয় উৎস থেকে দৈনিক ১ হাজার ৭৫০ এমএমসিএফডি গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপে খনন ও পুনঃখননের কাজ চলছে।
ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে দ্রুত গ্যাস আনার কাজ চলছে বলেও জানান তিনি। পাশাপাশি শিল্পকারখানার বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।
বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের এমআরসিএ মাল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও আধুনিক ইউএভি সিস্টেম কেনার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
ব্রিফিংয়ে তিনি জানান, শিক্ষক ও কর্মচারীদের চার বছরের জমে থাকা অবসর কল্যাণ ভাতার ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সরাসরি ৬৪ জেলার শিক্ষকদের ব্যাংক হিসাবে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ৪১ লাখ পরিবারের জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
Leave a comment