হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘জলদস্যুতা’ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জাহাজ দুটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে আমিরাতের সংবাদমাধ্যম। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এডিএনওসির সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আবুধাবি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলায় কেউ হতাহত হননি। তবে আমিরাতের এই অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত শনিবারও সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন ট্যাংকারে একই ধরনের হামলার খবর পাওয়া যায়। এক সপ্তাহের মধ্যে একই জলপথে আবারও ট্যাংকার লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, ইরান হরমুজ প্রণালিতে কার্যকর অবরোধ বজায় রেখেছে এবং এই পথে চলাচলের জন্য অর্থ আদায়ের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে এবং ইরানি জাহাজ চলাচলের ওপর নিজস্ব অবরোধ আরোপ করেছে বলে জানিয়েছে আবুধাবি।
প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান বর্তমানে ওমানের সঙ্গে আলোচনা করছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তেহরানের শত্রুদের সঙ্গে যুক্ত অথবা ইরানের নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি ব্যবহারের ইরানের চেষ্টা ‘জলদস্যুতার’ শামিল। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য সরাসরি হুমকি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবারের জাহাজে হামলার জন্যও আইআরজিসিকে দায়ী করেছিল সংযুক্ত আরব আমিরাত।
এডিএনওসি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে।
Leave a comment