বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে নাছির উদ্দিন নাছির লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একই সঙ্গে গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে।’
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তাঁদের জন্য সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট। ওই সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা এবং সংগঠনের বিভিন্ন স্তরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখা ছিল বড় চ্যালেঞ্জ।
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে নাছির বলেন, ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয়, পাঁচ কলেজ ও চার মহানগরের তৎকালীন নেতৃত্ব অসাধারণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনের সময় নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
নোয়াখালী-ফেনী অঞ্চলের বন্যার প্রসঙ্গ তুলে নাছির বলেন, ওই এলাকার সন্তান হিসেবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে নির্দেশ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাঁকে ফেনীতে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছিলেন। তাঁদের নির্দেশ পাওয়ার পর তিনি ফেনীর উদ্দেশে রওনা হন বলে জানান।
ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গে নাছির বলেন, তাঁদের দায়িত্ব পালনের সময়ে প্রায় দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন করতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। এ অপূর্ণতার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করেছেন নাছির। তিনি বলেন, একজন সংগঠক হিসেবে এ ফলাফল তাঁকে ভাবিয়েছে। কোথায় ঘাটতি ছিল এবং কোথায় আরও ভালো করা যেত, সেসব প্রশ্ন নিজেকে করেছেন। তাঁর মতে, রাজনীতিতে পরাজয়ও শিক্ষা দেয় এবং ছাত্রদল এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
দায়িত্ব ছাড়লেও ছাত্রদল থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেছেন নাছির উদ্দিন নাছির। তিনি লিখেছেন, ‘আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়।’
নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, আগামী দিনে যাঁরা ছাত্রদলের নেতৃত্বে আসবেন, তাঁদের প্রয়োজন হলে তাঁদের ডাকে তিনি আগের মতোই পাশে থাকবেন।
নিজের দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল বা সিদ্ধান্তের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন নাছির। একই সঙ্গে পরিবার, বন্ধু, সাংবাদিক এবং ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পোস্টের শেষে তিনি বলেন, দায়িত্ব থেকে বিদায় নিলেও সম্পর্ক, সংগ্রাম ও আদর্শ থেকে বিদায় নিচ্ছেন না। ভবিষ্যতে ‘অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো দায়িত্বে, অন্য কোনো সময়ে’ দেখা হবে বলেও উল্লেখ করেন ছাত্রদলের এই নেতা।
Leave a comment