Home জাতীয় ভারতে আত্মগোপনে আওয়ামী লীগের ৭০ নেতা, যোগাযোগ চলছে দেশে
জাতীয়

ভারতে আত্মগোপনে আওয়ামী লীগের ৭০ নেতা, যোগাযোগ চলছে দেশে

Share
Share

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে যান। গত দুই বছরে তাঁদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলে গেছেন। তবে ভারতে থাকা আওয়ামী লীগের বড় একটি অংশ এখনো পরিচয় ও অবস্থান গোপন করে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের অন্তত ৭০ নেতা অবস্থান করছেন। তাঁদের বেশির ভাগই কলকাতা ও আশপাশের এলাকায় রয়েছেন। এ ছাড়া পুলিশের প্রায় ৪০ কর্মকর্তাও সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। একসময় সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তাসহ প্রায় ২০০ জন কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করতেন।

আত্মীয়-স্বজনের সহায়তায় জীবন

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, আত্মীয় ও বন্ধুদের আর্থিক সহায়তায় তাঁদের অনেকের জীবন চলছে। বাংলাদেশে থাকার সময়ের তুলনায় এখন তাঁরা আর্থিকভাবে অনেক কম সচ্ছল। কেউ একা ভাড়া বাসায় থাকছেন, আবার কয়েকজন মিলে একটি বাসা ভাড়া করে থাকছেন। অনেকের সঙ্গে তাঁদের পরিবার নেই।

ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ট্যাক্সি ও গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে বলেও কয়েকজন জানিয়েছেন।

ভারতে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলেও শুরুটা কঠিন ছিল বলে জানান কয়েকজন। নিরাপত্তার কারণে অনেকে এক জায়গায় বেশি দিন থাকেননি। আত্মীয়দের বাসায় থেকেছেন এবং ফোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক ছিলেন।

সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ জানান, বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস তিনি বিভিন্ন আত্মীয়ের বাসায় ছিলেন। নিজের ফোন কাছে না রেখে আত্মীয়দের ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

দেশে যোগাযোগ, চলছে দলীয় কার্যক্রম

ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁরা বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলায় সহায়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর কাজ করছেন বলে তাঁরা জানিয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশে আমাদের যে নেতাকর্মীরা আছেন, তাঁরাই তো মূল শক্তি। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা, কমিটিগুলো পুনর্গঠন করা, যেসব মামলা চলছে, তাতে সহায়তা দেওয়া—এসব করতেই দিন কেটে যায়। এ ছাড়া সামাজিক মাধ্যমে প্রচারণার কাজ তো আছেই।’

কলকাতা ও আশপাশে থাকা আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যেও নিয়মিত যোগাযোগ ও বৈঠক করেছেন বলে জানা গেছে। একসময় কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে কয়েকজন নেতা সেখানে বৈঠক করতেন। সেটিকে দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো। তবে পরে সেটি আর ব্যবহার করা হচ্ছে না বলে আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানিয়েছে।

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ

গত দুই বছরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের কয়েকজনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রথম দিকে সরাসরি দেখা করার ঘটনা খুব বেশি না থাকলেও পরে বিভিন্ন পর্যায়ের নেতারা ছোট ছোট দলে দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।

কেউ ছিলেন বাংলাদেশেই

আওয়ামী লীগের সব নেতা যে ৫ আগস্টের পরপরই দেশ ছেড়েছেন, তা নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় তিনি বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। নিরাপত্তার কারণে তাঁকে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। এর মধ্যেও সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি।

পরে পরিস্থিতির অবনতি হলে তিনি দেশ ছাড়েন বলে জানান। তবে তাঁর দাবি, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখনো বাংলাদেশেই অবস্থান করছেন।

অভিনেত্রী ও আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত রোকেয়া প্রাচীও দীর্ঘ সময় বাংলাদেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, ৫ আগস্টের পর প্রায় দেড় বছর তিনি দেশে ছিলেন। নিজের অবস্থান গোপন রাখতে এ সময়ে অন্তত ১২টি সিম পরিবর্তন করেন তিনি।

রোকেয়া প্রাচী জানান, ৫ আগস্টের পর কয়েক দিন তিনি বাসার ভেতরেই ছিলেন। পরে ভোরে গোপনে বাসা থেকে বের হন। পরিচয় গোপন রাখতে বোরকা পরে বের হতে হয়েছিল বলেও জানান তিনি। নিজের ফোন বন্ধ করে দেওয়ার পর আর সেটি ব্যবহার করেননি।

বিভিন্ন সময়ে যেসব বাসায় তিনি অবস্থান করেছেন, সেসব বাসার মানুষের ফোন ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও জানান তিনি।

দেশে ফেরার প্রস্তুতি

আওয়ামী লীগের কয়েকজন নেতা এখন দেশে ফেরার প্রস্তুতির কথাও জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের কয়েকজনও দেশে ফিরে পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘মানসিক ও পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন অপেক্ষা করছি টাইমলাইনের জন্য।’

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, তিনি দলীয় কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং সেখানে প্রতিবেদন পাঠানোর কাজ করেছেন।

শেখ হাসিনাও দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে কবে এবং কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৬ বছরেই বাবাকে ছাড়িয়ে শারীরিক গড়নে, রোনালদো জুনিয়রকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ১৬ বছর বয়সেই শারীরিক গড়নে তাঁর বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর একই বয়সের তুলনায় এগিয়ে। ছেলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী...

‘না, আমি আওয়ামী লীগ করি না’, গুপ্ত আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে ‘গুপ্ত আওয়ামী লীগ’ হওয়ার অভিযোগের জবাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট...

Related Articles

ঘুমের মধ্যে স্ট্রোক রাবি শিক্ষার্থীর: জরুরি চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল...

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...