রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরে সকাল ৯টার দিকে ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে ইমরান হায়দার ও তাঁর স্ত্রীকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Leave a comment