জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ছাত্রদলকর্মী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার এজাহারভুক্ত আসামি তরিক শেখকে একই রাতে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে গত ১ আগস্ট টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল স্মারক তোরণটি নির্মাণ করে। ওই দিন দিবাগত রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে এর নিচের অংশ আংশিক পুড়ে যায়।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
Leave a comment