বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক জনসভায় বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তাঁর কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছিল। এ অভিযোগের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বীথিকা বিনতে হোসাইন প্রমাণ দেওয়ার আশ্বাস দিলেও পরে আর কোনো তথ্য দেননি। একপর্যায়ে তিনি জানান, ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে।’ এরপর তিনি আর যোগাযোগ করেননি।
এ অবস্থায় তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায় অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না হলে প্রচলিত আইনে মানহানির মামলা করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসিফ মাহমুদের দাবি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা নতুন নয়। এ ধরনের প্রচারণা শুধু তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির বিরুদ্ধে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করারও অপচেষ্টা। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিএনপির সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
Leave a comment